করোনায় বিএনপি নেতা আউয়াল খানের মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৬:০৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপি নেতা আবদুল আউয়াল খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।
সোমবার (২০ জুলাই) সোয়া ২টায় মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন শায়রুল কবীর।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা আউয়ালের মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

