ইন্ডিয়ায় গণপিটুনিতে ৩ বাংলাদেশি নিহত: ২ জনের পরিচয় মিলেছে

ইন্ডিয়ায় গণপিটুনিতে ৩ বাংলাদেশি নিহত: ২ জনের পরিচয় মিলেছে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ০৯:২০

ইন্ডিয়ার করিমগঞ্জে গণপিটুনিতে নিহত হওয়া তিন বাংলাদেশির মধ্যে দ ‘জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।

নিহত দুজন হলেন উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মো. নুনু মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল মানিকের ছেলে জুয়েল আহমদ (২৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দুজনেই পেশায় অটোরিকশাচালক।

উপজেলার তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস সোমবার (২০ জুলাই) বিকেলে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত তিন জনের মধ্যে দুজনের বাড়ি তালিমপুর ইউপির কাঞ্চনপুর এলাকায়। তিনি তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, তারা গত শুক্রবার জুড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ (সোমবার) সকালে জুড়ী থানা পুলিশ তাকে জানায় যে তারা ভারতে খুন হয়েছেন। পরে তিনি নিহতদের ব্যাপারে খোঁজ নিয়ে নিশ্চিত হন যে তাদের বাড়ি তালিমপুর ইউনিয়নে।

নিহত জুয়েল মিয়ার বড় ভাই রুবেল মিয়া বলেন, গত শুক্রবার এক ব্যক্তি তাদের বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে জানতে পেরেছেন তারা ইন্ডিয়ায় গিয়ে খুন হয়েছেন। তবে তারা কেন বা কী কারণে ইন্ডিয়া গেলেন সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, ইন্ডিয়ায় নিহত হওয়া দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি বড়লেখায় বলে আমরা জানতে পেরেছি। নিহত অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে জানা যায়, ওই বাংলাদেশিরা গত শনিবার রাতে সীমান্ত পেরিয়ে করিমগঞ্জের পাথরকান্দি অঞ্চলের বগরিজান চা বাগান এলাকায় ঢুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন গরুচোর সন্দেহে তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে শুরু হয় মারধর। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ নিহত ওই তিন জনের লাশ উদ্ধার করে। সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading