সৌদি থেকে ফিরলেন আরও ৪১৮ বাংলাদেশি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ১৯:৪৫
করোনা মহামারির মধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে আরও ৪১৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ২৫মিনিটে তারা ঢাকায় পৌঁছান। বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য গণমাধ্যমকে জানান।
করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিন্ন দেশে আটকা পড়েন। বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।
গত ৪ মাসে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

