বিতর্কের মুখে স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ১৯:৪৮
রিজেন্ট ও জেকেজি দুর্নীতির সঙ্গে জড়িত থাকা নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ পত্র জমা দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত, রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ারের করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরি ও প্রতারণায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সম্পৃক্ততা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে এর জন্য সব দায় মন্ত্রণালয়ের ওপর চাপান অধিদপ্তরের ডিজি। বিষয়টি নিয়ে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়। আর স্বাস্থ্য অধিদফতরের কাজে সমন্বয়হীনতা আগে থেকে থাকলেও সেটা প্রকাশ পায় সম্প্রতি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে অধিদফতর থেকে অনুমোদন পাওয়া রিজেন্ট হাসপাতাল এবং নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠান জেকেজির নজিরবিহীন দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার পর।
এদিকে, রিমান্ডে থাকা রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ও জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে তাদের প্রতারণার কথা স্বীকার করেন। সেইসঙ্গে এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জড়িত বলে তথ্য পায় সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। এমন প্রেক্ষপটে স্বাস্থ্যের ডিজি পদ ছাড়তে বাধ্য হলেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের একাধিক সূত্র বলছে, সাহেদকাণ্ড ও জেকেজিকাণ্ডে চলমান মামলাসহ স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে দ্রুতই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন অধ্যাপক আবুল কালাম আজাদ।

