রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৪:০২

রাজধানীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর দক্ষিণখান থানার আশিয়ান সিটি এলাকায় এ ঘটনা ঘটে বলে র‌্যাবের দাবি।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, নিহত রিপন একজন সন্ত্রাসী ছিল। বন্দুকযুদ্ধে র‌্যাবের এএসআই কামাল হোসেন আহত হন। তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রিপন ১৬ মামলার পলাতক আসামি উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীটি বলছে, রিপন একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী।

বুধবার (২২ জুলাই) সকালে এলিট ফোর্স র‌্যাব-১ এর সিনিয়র এএসপি মো. সালাহ উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য দেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ খান আশিয়ান সিটি এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গোপনে বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি টহল দল সেখানে অভিযান চালায়। তারা সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে কিছুক্ষণ গুলিবিনিময় হয়। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে রিপন (৩৫) নামের এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১ এর সিনিয়র এএসপি মো: সালাহ উদ্দিন আরও জানান, পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ট গুলি ও ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে দক্ষিণখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading