জাতীয় মসজিদে ঈদুল আযহা নামাজের সূচি ঘোষণা
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৪:৩২
আগামী ১ আগস্ট বাংলাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর এখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাআত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামায়াত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জাতীয় মসজিদে ঈদের নামাযের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার প্রথম জামাআত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। এর পর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাআত সকাল ৭টা ৫০ মিনিটে, তৃতীয় জামাআত সকাল ৮টা ৪৫ মিনিটে, চতুর্থ জামাআত সকাল ৯টা ৩৫ মিনিটে, পঞ্চম জামাআত সকাল ১০টা ৩০ মিনিটে ও ৬ষ্ঠ ও সর্বশেষ জামাআত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।

