প্রধানমন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৬:৫৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে কথা বলেছেন। বুধবার (২২ জুলাই) দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর ১টার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেন। এ সময় দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়।
দুই নেতা প্রথমে কুশলাদি বিনিময়ের পর ইমরান খান বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত নানা পদক্ষেপের বিষয় ইমরান খানকে ধারণা দেন।
প্রেস সচিব আরও জানান, ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে দেশের বন্যা পরিস্থিতির কথাও জানতে চান। পরে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি তুলে ধরেন।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পাকিস্তানের আগ্রহের বিষয়টি আমাদের জানানোর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই টেলিফোন আলাপের সময় নির্ধারিত হয়। তবে কী বিষয় নিয়ে আলাপ হবে তা তখন পরিস্কার করা হয়নি। তিনি জানান, ঢাকায় অবস্থিত ইসলামাবাদ মিশন টেলিফোন আলাপের অনুরোধের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরে দুই দেশের সরকারপ্রধানের কথা বলার বিষয়টি নির্ধারিত হয়। তথ্য সহায়তা সময়টিভি। ফাইল ছবি

