রাজধানীতে ‘হ্যান্ড স্যানিটাইজারের’ আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতি
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৮:৪০
রাজধানীর হাতিরপুলের একটি বাসায় জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে চিকিৎসক দম্পতি দগ্ধ হয়েছেন। তারা হলেন- ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২)।
বুধবার (২২ জুলাই) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য জানান। ডা. সামন্ত লাল বলেন, রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। স্ত্রীর অবস্থাও গুরুতর। মঙ্গলবার (২১ জুলাই) দিনগত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানান ডা. সামন্ত লাল।
দগ্ধ রাজিবের বন্ধু ডা. সুদীপ দে জানান, তারা হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আর স্ত্রী শ্যামলি সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালের চক্ষু বিভাগের রেজিস্টার। তাদের একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য (৫) কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে রয়েছে ৩ সপ্তাহ ধরে।
বিএসএমএমইউয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, বাসায় বসে এক বোতল থেকে আরেক বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালার সময় কোনোভাবে আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই গুরুতর। তবে রাজিবের অবস্থা ভেরি ক্রিটিক্যাল, তিনি বার্ন ইনিস্টিটিউটে ভর্তি রয়েছে। রাজিব নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক।

