স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি কে এই ডা. খুরশীদ আলম?

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি কে এই ডা. খুরশীদ আলম?

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১০:৩০

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। চিতিৎসক মহলে যিনি অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম নামেই অধিক পরিচিত। সর্বশেষ তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন অধ্যাপক ডা. খুরশীদ আলম।

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন বলে জানা যায়। ডা. খুরশীদ আলম কিছুদিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজেও কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যোগ দেন ২০১৮ সালে।

জানা গেছে, ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) নির্বাচিত কাউন্সিলর হিসেবে যে ৮ জন চিকিৎসক বিজয়ী হন অধ্যাপক ডা. খুরশীদ আলম তার মধ্যে অন্যতম। এই চিকিৎসকের লন্ডন থেকে দুটি বিষয়ে এফআরসিএস করা। এছাড়া সার্জারিতে তিনি এফসিপিএস এবং এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন “স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ)” আজীবন সদস্য এবং দেশের সার্জনদের সবচেয়ে বড় এবং প্রাচীনতম সংগঠন “সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ (SOSB)”-এর মহাসচিব পদেও দায়িত্ব পালন করেছেন।

তাঁর বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। তিনি ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। এবিএম খুরশীদ আলম ২২ নভেম্বর ১৯৮৪ ইন সার্ভিস ট্রেনিংয়ের আওতায় সহকারী সার্জন হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে যোগদান করেন।

১৯৮৬ সালের ৪ অক্টোবর মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। পরবর্তীতে মোহাম্মদপুর ইউনিয়ন সাব সেন্টার ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি সহকারী সার্জন হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU), সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ এর সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবেও তিনি কৃতিত্বের সাথে চিকিৎসা কার্য পরিচালনা করেন। সার্জারি বিষয়ের জুনিয়র কন্সালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে দায়িত্ব পালন করে সিনিয়র কন্সালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজে যোগদান করেন। সহযোগী অধ্যাপক হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এর দায়িত্ব পালন করে এই কৃতি শিক্ষক ও চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক হিসেবে ২০১৬ সালে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন।

জানা গেছে, সংস্কৃতি অঙ্গনেও রয়েছে তার অবাধ বিচরণ। অধ্যাপক ডা. খুরশীদ আলম বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত রবীন্দ্রসংগীত শিল্পী। প্রয়াত সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের প্রিয় শিষ্যদের একজন তিনি। এক কালে ওয়াহিদুল হকের ছায়াসঙ্গী ছিলেন অধ্যাপক ডা. খুরশীদ আলম।

এছাড়া জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার প্রশিক্ষক ছিলেন তিনি। পরে সভাপতির দায়িত্বও পালন করেছেন।

জানা গেছে, তিনি ভীষণ কর্মঠ। ভোর বেলা ঘুম থেকে ওঠা, বাগানের পরিচর্যা করা, সেতার ও হারমোনিয়ামে গলা সাধা, মেডিকেলে ক্লাস নেয়া, হাসপাতালে রোগী দেখা, ছাত্র পড়ানো, বিকেলে চেম্বারে রোগী দেখা, ক্লিনিকে অপারেশনেই তার সময় কাটে।

এমবিবিএস পাসের পর ডাক্তারি না করে তিনি নির্বাচন কমিশনে ছয় মাস চাকরি করেছিলেন বলেও জানা যায়। পরে আবার তিনি ডাক্তারি জীবনে ফিরে আসেন। পরবর্তীতে ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি নেন।

সার্জারির এই স্বনামধন্য প্রফেসর এবিএম খুরশীদ আলম-এর কর্মজীবনের বেশিরভাগ সময়ই কেটেছে কুমিল্লায়। সার্জন হিসেবে তার হাতের যশ সর্বমহলে প্রশংসিত।

১০ম বিসিএস-এর এই দক্ষ কর্মকর্তা বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বাস্থ্য অধিদফতরের ২৭তম মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading