করোনায় সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার মৃত্যু, উপসর্গ নিয়ে মৃত্যু ২
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৭:৩০
সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে তারা মারা যান বলে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান।
হাসপাতাল তত্ত্বাবধায়ক বলেন, গত ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীন (৭০)। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। আর উপসর্গ নিয়ে এক নারী বৃহস্পতিবার রাতে হাসপাতালে এবং আরেক নারী বাড়িতে মারা গেছেন। ওই দুই নারীর বয়স হয়েছিল ৫৫ ও ৬৫ বছর।
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৩ জন আর আক্রান্ত হয়ে আরও ১৯ জন মারা গেছেন বলে ডা. রফিকুল ইসলাম জানান।

