হামের হটস্পট খুলনা, কুষ্টিয়া ও যশোর, আক্রান্ত ৩ শতাধিক

হামের হটস্পট খুলনা, কুষ্টিয়া ও যশোর, আক্রান্ত ৩ শতাধিক

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১৭:৩৭

খুলনা, কুষ্টিয়া ও যশোর জেলা হামের হটস্পটে পরিণত হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা বাড়ছে। এ বিভাগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুইজন হাম রোগীর। দুজনই কুষ্টিয়ার।

রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন হাম রোগী ৩ শতাধিক।

এদিকে, রবিবার যশোর সদর উপজেলা এবং পৌরসভায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ উপজেলা এবং পৌরসভাকে হামের হটস্পট হিসেবে চিহ্নিত করে মোট ৯১ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হচ্ছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৩১৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১০৩টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছে। অন্য জেলাগুলোর মধ্যে খুলনায় ৭২, যশোরে ৫৯, বাগেরহাটে ৬, চুয়াডাঙ্গায় ৬, ঝিনাইদহে ১৮, মাগুরায় ১৭, মেহেরপুরে ৪, নড়াইলে ১২ এবং সাতক্ষীরায় ১৬ জন হাম রোগী চিকিৎসাধীন আছে।

শনিবার হামের উপসর্গ নিয়ে নতুন করে খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৫৬ শিশু। তাদের মধ্যে সাতক্ষীরায় ১৩, কুষ্টিয়ায় ১২, খুলনায় ২১, যশোরে ৫, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ৩, ঝিনাইদহে ৩, মাগুরায় ৫, মেহেরপুরে ২ ও নড়াইলে ৫ জন নতুন করে ভর্তি হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান সৈয়েদা রুখশানা পারভীন বলেছেন, “হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। একজন আক্রান্ত শিশু হাঁচি-কাশির মাধ্যমে সহজেই অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। বিশেষ করে, যেসব শিশু নিয়মিত টিকা পায়নি বা অপুষ্টিতে ভুগছে, তাদের ঝুঁকি বেশি।”

তিনি বলেন, “খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে হামসহ অন্যান্য সংক্রামক রোগে আক্রান্তদের ভর্তি করা হয় না। কিন্তু, এই রোগের গুরুত্ব বিবেচনায় ও খুলনায় যে সংক্রামক ব্যাধি হাসপাতালটি রয়েছে, তার সক্ষমতা বিবেচনায় নিয়ে আমাদের এখানে নিজস্ব ব্যবস্থাপনায় একটি আইসোলেশন সেন্টার তৈরি করে শিশুদের রাখা হয়েছে।”

এ বিষয়ে খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, “রবিবার থেকে খুলনা বিভাগের যশোর সদর উপজেলা এবং পৌরসভায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ উপজেলা এবং পৌরসভাকে হামের হটস্পট চিহ্নিত করে মোট ৯১ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হচ্ছে। আগামী ২১ দিন এ ক্যাম্পেইন চলবে। তবে, এক সপ্তাহ পরে আবারো বিভাগের অন্যান্য জেলা, উপজেলা এবং পৌরসভার হাম আক্রান্তের তথ্য রিভিউ করা হবে। রিভিউতে অন্য কোনো স্থানে সংক্রমণের পরিমান বাড়লে পর্যায়ক্রমে সেসব এলাকাও টিকাদানের আওতায় আনা হবে।”

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading