মাস্ক কেলেঙ্কারি: বঙ্গবন্ধু মেডিকেলের মামলার আসামি ঢাবি’র সহকারী রেজিস্ট্রার

মাস্ক কেলেঙ্কারি: বঙ্গবন্ধু মেডিকেলের মামলার আসামি ঢাবি’র সহকারী রেজিস্ট্রার
অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৮:‌১০

করোনাভাইরাস মহামারীর মধ্যে নকল মাস্ক সরবরাহের অভিযোগে ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে মামলা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিরুদ্ধে মামলার বিষয়টি শাহবাগ থানার ওসি আবুল হাসান নিশ্চিত করেছেন।

জানান, মামলার আসামি হচ্ছেন ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহান।

জানা গেছে, শারমিন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। তার (শারমিনের) মালিকানাধীন ‘অপরাজিতা ইন্টারন্যাশনাল’ ঠিকাদারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় গত ২৭ জুন।

এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি আবুল হাসান বলেন, এই কার্যাদেশের বিপরীতে অপরাজিতা ইন্টারন্যাশনাল ৩০ জুন প্রথম দফায় ১৩০০ মাস্ক এবং পরে দ্বিতীয় ও তৃতীয় দফায় ৪৬০ ও ১০০০ এবং চতুর্থ দফায় ৭০০ মাস্ক সরবরাহ করে। তৃতীয় ও চতুর্থ দফায় পণ্য ‘সামগ্রিক গুণগতমানের স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়া যায়নি’ বলে মামলায় অভিযোগ করা হয়।

ওসি বলেন, মামলায় অভিযোগ করা হয়, কোনো কোনো ফেইস মাস্কের বন্ধনী ছিঁড়ে গেছে, কোনো মাস্কের ছাপানো ইংরেজিতে লেখা ‘ত্রুটিপূর্ণ’ পাওয়া গেছে। এ ধরনের ত্রুটিতে কর্তৃপক্ষ বুঝতে পারে, মাস্ক নিম্নমানের ছিল। এর ফলে কোভিড-১৯ সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারত।

এ বিষয়ে ১৮ জুলাই অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিস দেয় বিএসএমএমইউ। ২০ জুলাই লিখিত জবাবে শারমিন দুঃখপ্রকাশ করেন, যা আসামির দোষ স্বীকারের শামিল।

বিষয়টি আমলে শারমিন জাহানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা দায়ের করা হয় বলে ওসি জানান।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরির মধ্যে শারমিন ২০১৬ সালের ৩০ জুন স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন শুরু হলে তিনি দেশে ফিরে আসেন। তার শিক্ষা ছুটির মেয়াদ এখনও শেষ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছাত্রজীবনে শারমিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে তিনি কোনো পদে নেই।

চীনে থাকা অবস্থায় ২০১৯ সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে সরবরাহকারী নিজের ব্যবসা শুরু করেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শারমিন জাহান গণমাধ্যমকে বলেন, আমরা নকল মাস্ক সরবরাহ করিনি। এসব প্রোডাক্ট চীন থেকে ইম্পোর্টেড। এগুলোতো আমরা তৈরি করিনি। আমরা শুধু সাপ্লাই দিচ্ছি। প্রডাক্ট খারাপ হলে, বিএসএমএমইউ প্রথমবারই আমাদের বলতে পারত। আমরা সেটা যাচাই করে দেখতে পারতাম।

আইনি প্রক্রিয়ায় অভিযোগের মোকাবিলা করবেন জানিয়ে তিনি বলেন, মামলা যে কেউ করতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
তথ্য সহায়তা : বিডিনিউজ২৪।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading