আশুলিয়ায় স্কুল মাঠে কাঁচা বাজার বন্ধের নির্দেশ
মো: সাদ্দাম হোসেন । উত্তরদক্ষিণ
সাভার; শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ০৯:০২
সাভারের আশুলিয়া স্কুল মাঠে অবৈধভাবে বসানো কাঁচা বাজার বন্ধের নির্দেশ দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সরেজমিনে স্কুল মাঠ পরিদর্শন করে এ নির্দেশ প্রদান করেন তিনি।
জানা যায়, আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জোর পূর্বক আশুলিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বসাতে বাধ্য করায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি মঞ্জুরুল আলম রাজিব শুক্রবার বিকেলে সরেজমিনে স্কুল এবং মাঠ পরিদর্শনে যান। এসময় বাজার হওয়ার কারণে মাছ মাংস এবং কাঁচা বাজারের বর্জ্যের কারণে মাঠের ব্যাপক ক্ষতি হওয়ায় বিস্ময় প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মঞ্জুরুল আলম রাজীব।
এছাড়া অতি দ্রুত স্কুল ভবনের বারান্দায় বসানো দোকানপাট ও মাঠ থেকে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদের ব্যবস্থা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন এবং তাৎক্ষনিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কাছে বাস্তব চিত্র তুলে ধরেন।
এঘটনায় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্কুল ভবন ও মাঠ থেকে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদ করাসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া সহকারী কমিশনার (ভূমিকে) নির্দেশ প্রদান করেন।

