ইউরোপে ফের করোনার হানা, মাস্ক ও টেস্টে গুরুত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৫:৫০
ইউরোপে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কার ব্যাপারে শুক্রবার (২৪ জুলাই) উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থায় ফ্রান্স, জার্মানি ও অস্ট্রিয়া মাস্ক পরা বাধ্যতামূলক এবং ব্যাপক টেস্টের ঘোষণা দিয়েছে। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত দেড় কোটির বেশি লোকের মধ্যে এক পঞ্চমাংশই আক্রান্ত হয়েছে ইউরোপ। করোনায় বিশ্বে এ পর্যন্ত ৬ লাখ ৩০ হাজার লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ লাখ ৭ হাজার ১১৮ জন মারা গেছে ইউরোপে। খবর এএফপি’র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র ইউরোপিয়ান চ্যাপ্টার গত দুই সপ্তাহে এই মহাদেশে সংক্রমন বৃদ্ধি কথা তুলে ধরে বলেছে, করোনার বিস্তার রোধে আরো কঠোর ব্যবস্থা নিতে হতে পারে। অন্যান্য অঞ্চলের ন্যায় ইউরোপেও কঠোর লকডাউন থেকে লোকেরা বেড়িয়ে আসায় অর্থনীতি পুনরুদ্ধারে কোভিড-১৯ প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা সমন্বয় করতে হয়েছে।
সম্প্রতি এই মহাদেশে লকডাউন তুলে নেয়ার পরে বেলজিয়ামে তিন বছরের একটি মেয়ে করোনায় মারা গেছে। করোনায় মৃতদের মধ্যে সর্ব কনিষ্ঠের মৃত্যুতে আরো সতর্ক হওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই আহবান জানায়। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র এএফপিকে বলেন, কিছু দেশে শারীরিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ শিথিল করায় সম্প্রতি কোভিড -১৯ এ পুনরায় সংক্রমন বৃদ্ধি পাওয়া এই উদ্বেগের কারণ। এই পরিস্থিতিতে পুনরায় বিধিনিষেধ কঠোর করার প্রয়োজন হতে পারে।

