৬ দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ: ১ম ঢাবি শিক্ষার্থী ইমতিয়াজ

৬ দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ: ১ম ঢাবি শিক্ষার্থী ইমতিয়াজ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ২১:৩৫

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে গত ৭ জুন আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১ম পুরস্কার বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ পাশা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রতিযোগিতায় ৬ মিনিটের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে ৩ লাখ টাকার ১ম পুরস্কার বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ পাশা।

এরপর দুই লাখ টাকার ২য় পুরস্কার জয়ী হয়েছেন পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালহা জোবায়েদ, এক লাখ টাকার ৩য় পুরস্কার জয়ী মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এসএম ফাহাদ আব্দুল্লাহ রাকিব, পঞ্চাশ হাজার টাকার ৪র্থ পুরস্কার জয়ী নওগাঁর প্রকৌশলী মোঃ রায়হান হোসেন এবং পঁচিশ হাজার টাকার ৫ম পুরস্কার জয়ী খুলনার রেলওয়ে বালিকা বিদ্যালয়ের শিক্ষক খুকু রাণী ঘোষ। এছাড়াও পরবর্তী ৯৫ জন প্রতিযোগীর প্রত্যেকে ১০ হাজার টাকার বিশেষ পুরস্কার জয় করেছেন।

৬ মিনিটের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারার উপর ভিত্তি করে কম্পিউটার ফলাফল মূল্যায়ন করে। পূর্ব ঘোষণা অনুযায়ী ‘শতবর্ষে শত পুরস্কার’ এই থিমের ভিত্তিতে প্রথম ১০০ জনকে বিজয়ী নির্ধারণ করা হয়।

দেশের ভেতরে বসবাসকারী সকল নাগরিকের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অভাবনীয় সাড়া পাওয়া যায়। উক্ত কুইজ প্রতিযোগিতায় নিবন্ধিত ১ লাখ ৯ হাজার ৯২৯ জন প্রার্থীর মধ্য থেকে ৪৬ হাজার ৬৭৫ জন প্রতিযোগী সফলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেয়।

মুজিববর্ষের ওয়েবসাইটে (quiz.mujib100.gov.bd) বিস্তারিত ফলাফল পাওয়া যাবে। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রধানমন্ত্রীর স্বাক্ষরযুক্ত সনদ প্রদান করা হবে। পবিত্র ঈদ-উল-আযহার পর সুবিধাজনক তারিখ ও সময়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading