সংসদ সদস্য ইসরাফিল আলম আর নেই
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ০৮:৪৬
নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসরাফিল আলম (৫৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সংসদ সদস্য ইসরাফিল আলমের ভাতিজা হাসান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য ইসরাফিল আলম। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে গত ১২ জুলাই তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা বেড়ে গেলে ১৭ জুলাই আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ইসরাফিল আলমকে।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুইদিন আগে থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
টানা তিনবারের সংসদ সদস্য ইসরাফিল আলমের জন্ম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। তার রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত আহসান উল্লাহ মাস্টার। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন।
মোঃ ইসরাফিল আলম নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ আলমগীর কবিরকে পরাজিত করে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটিতে বিজয়ী হন। ২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি।

