শারমিন জাহানকে বরখাস্ত করল ঢাবি
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ০৮:৫৫
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে ঢাবি কর্তৃপক্ষ। এছাড়া সাত কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বরখাস্ত করার এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিম্নমানের মাস্ক সরবরাহের করেছে অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনালে বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ। ওই মামলায় শুক্রবার রাতে শারমিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
শারমিনকে বরখাস্তের বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানের শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকুরী শৃঙ্খলা পরিপন্থী। অধিকন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল এন৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশ রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।
“এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানকে বিশ্ববিদ্যালয়ের চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।”

