উত্তরায় মাছের পোনা অবমুক্ত করলেন মেয়র আতিক
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৫৫
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম রবিবার (২৬ জুলাই) উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এ পুকুরে ১ হাজার ৮০টি রুই, ৩০০টি কাতলা, এক হাজার ৫০টি মৃগেল ও ১৫০টি কালিবাউস মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এসময় মেয়র বলেন, ‘গত ১১ বছরে সরকারের নানা উদ্যোগের ফলে দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে জনপ্রতি দৈনিক ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২ গ্রামের বেশি মাছ আমরা গ্রহণ করছি।’
ঢাকা শহরের বিভিন্ন জলাশয়ের পানিতে অ্যামোনিয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, অবৈধভাবে পয়নিশষ্কাশন লাইন জলাশয়ে ফেলাতে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘অ্যামোনিয়া বেশি থাকলে মাছ চাষ করা সম্ভব হয় না। আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। পুকুর, জলাশয় ও লেকের পানি দূষণ বন্ধ করতে হবে।’
অবৈধভাবে পয়নিষ্কাশন লাইনের সংযোগ যাতে জলাশয়ে দেয়া না হয় এজন্য ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে ছোট-বড় সকল জলাশয়ে আরও মাছ চাষের আহ্বান জানান ডিএনসিসি মেয়র। সূত্র – ইউএনবি।

