সাভারে মরা গরু জবাই করে বিক্রি: আটক ৪
সাদ্দাম হোসেন। উত্তরদক্ষিণ
সাভার; সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১১:৫৬
সাভারে মরা গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার দায়ে চারজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ জুলাই) দুপুরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেন (৩৫), চালকের সহকারী আসলাম (৩৫), কসাই ফজলুক হক (৪৫), গরু ব্যবসায়ী আবু তাহের (৩৫)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শনিবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন। পিকআপ ভ্যানটি আমিনবাজার এলাকায় পৌছলে অজ্ঞাত কারণে একটি গরু মারা যায়। কিন্তু পিকআপ ভ্যানের চালক রবিবার ভোর রাতে মৃত গরুটি আমিনবাজারের স্থানীয় কসাই ফজলুক হকের সাহায্য নিয়ে জবাই করে স্থানীয়দের মাঝে মাংস বিক্রি করার প্রস্তুতি নেয়। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা মৃত গরুসহ চারজনকে আটকের পর সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজের আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতে শুনানী শেষে পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেনকে ১৫ দিন, চালকের সহযোগী আসলামকে ৭ দিন, কসাই ফজলুক হককে ৩ দিন ও গরু ব্যবসায়ী আবু তাহেরকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

