জাতির পিতার সমাধিতে নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ২০:৩০

নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল সোমবার (২৭ জুলাই) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট মনিরা রওশন ইকবাল জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সবাই বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে দোয়া এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বলে জানিয়েছে আইএসপিআর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌবাহিনী প্রধান জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরি পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু’ ও ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক বই প্রদান করেন। এ সময় খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া সফর শেষে নৌবাহিনী প্রধান খুলনা নৌ অঞ্চলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বানৌজা তিতুমীরে আয়োজিত স্ট্যাটিক প্যারেডে নৌবাহিনী প্রধান গার্ড পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন। পরিদর্শন শেষে নৌপ্রধান সর্বস্তরের নৌসদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। পরে তিনি ঘাঁটির লেকে মাছের পোনা অবমুক্ত করেন এবং ‘আশার আলো’ স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট মনিরা রওশন ইকবাল বিএনএফডবি-উএ খুলনা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ও বিএনএফডব্লিউএর কাউন্সেলিং অফিস ও বিপনী বিতান ‘নোঙ্গর’ পরিদর্শন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading