রাত ৮টা পর্যন্ত ব্যাংক চালু থাকবে, শুক্রবারেও খোলা

রাত ৮টা পর্যন্ত ব্যাংক চালু থাকবে, শুক্রবারেও খোলা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ০৮:২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখায় বিশেষ ব্যবস্থায় বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জা‌রি করে বা‌ণি‌জ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পা‌ঠিয়েছে।

এতে একইসঙ্গে ঈদের আগের দিন শুক্রবারও (৩১ জুলাই) হা‌টসংলগ্ন ব্যাংকের শাখা খোলা রাখতে বলা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন করার পরামর্শ দেয়া হয়েছে। কোরবা‌নির পশু ব্যবসায়ী‌দের ব্যাং‌কিং লেনদেনের সু‌বিধার্থে এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।

কোরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বেই বিভিন্ন ব্যাংক-শাখা তাদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব ব্যাংক-শাখা ব্যবহার করে কোরবানির পশু ব্যবসায়ীরা তাদের পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন। তাছাড়া পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বথু খোলা হলে পশু ব্যবসায়ীরা বুথে অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী শাখা বিশেষ ব্যবস্থায় ৩০ জুলাই পর্যন্ত বর্ধিত সময়ের ব্যাংকিং (বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত) কার্যক্রম চালু রাখবে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ঈদুল আজহার জন্য ঘোষিত ছুটির প্রথম দিন, অর্থাৎ ঈদুল আজহার আগের দিন (৩১ জুলাই) শাখাসমূহে সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading