‘করোনার পিক টাইম পেরিয়ে এসেছে বাংলাদেশ, সংক্রমণ কমছে’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ০৮:৪০
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, বাংলাদেশ ইতিমধ্যে করোনার সর্বোচ্চ পর্যায় (পিক টাইম) পেরিয়ে এসেছে। দেশের করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কমে এসেছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নাসিমা সুলতানা এসব কথা বলেন।
দেশে বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের হার এখন কোন পর্যায়ে জানতে চাইলে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘দেশে কোভিড-১৯ কেস এখন কমতির দিকে। আমরা এখন পিকে নেই, আইইডিসিআরের তথ্যও বলছে আমরা পিক টাইমে নেই।’
নাসিমা সুলতানা বলেন, ‘টেস্ট তুলনামূলকভাবে কমেছে। তবে গত দুই তিনের তুলনায় আজ (২৭ জুলাই) একটু বেশি হয়েছে। তবে আমরা যে পর্যায়ে গিয়েছিলাম, প্রায় ১৯ হাজারের কাছাকাছি সে তুলনায় কম।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘টেস্ট কমতির দিকেই বলা যায়, কারণ রিয়েল যারা তাদেরই টেস্ট হচ্ছে। যেকোনো উপসর্গ থাকলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে পরীক্ষা করান। কিন্তু মানুষের পরীক্ষা করার আগ্রহ একটু কম কারণ কেস একটু কমেছে।’
নাসিমা বলেন, ‘একইসঙ্গে ঘনবসতি, বস্তিতে কেস কম, নাই বললেই চলে। উপজেলা-জেলা সব জায়গায় নমুনা নেয়ার ব্যবস্থা আছে। তাই আমরা অনুরোধ করছি কারও উপসর্গ থাকলে যেন টেস্ট করতে আসেন। এখন সরকার নির্ধারিত একটা ফি আছে, সে কারণে অনেকে টেস্ট করতে আসছে না এটা হতেও পারে। ফি এর বিষয়টি যেহেতু মন্ত্রণালয় থেকে নির্ধারিত সে বিষয়ে আমাদের কিছু করার নাই। ফি দিয়েই পরীক্ষা করতে হবে।’

