চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নেই এমবাপ্পে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৫৫
কিলিয়ান এমবাপ্পের ডান অ্যাঙ্কেল মচকে যাওয়ার সঙ্গে বাইরের লিগামেন্টেরও ক্ষতি হয়েছে ভীষণ। এ জন্য তাকে কম করে হলেও তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তার মানে ১২ আগস্ট লিসবনে ইতালিয়ান ক্লাব আতালান্তার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে না।
সোমবার (২৭ জুলাই) পিএসজি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘আজ স্ক্যান রিপোর্টে নিশ্চিত হয়েছে অ্যাঙ্কেল মচকে যাওয়ার সঙ্গে সেটির বাইরের লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এজন্য তাকে আনুমানিক তিন সপ্তাহ বাইরে থাকতে হবে।’
গত শুক্রবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির ২১ বছর বয়সী ফরোয়ার্ডকে বাজেভাবে ট্যাকল করেন সেন্ত এতিয়েনের ডিফেন্ডার ও অধিনায়ক লোয়িচ পেরিন। লাল কার্ডই দেখতে হয়েছে তাকে। ১৪ মিনিটে নেইমারের একমাত্র গোলটিতেই শেষ পর্যন্ত শিরোপা এসেছে, তবে পিএসজির জন্য সেটি কোনও সান্ত্বনা হতে পারেনি। ক্রাচে ভর দিয়ে চোখ মুছতে মুছতে সেই যে মাঠ ছেড়ে গেলেন তারকা ফরোয়ার্ড, যাওয়াটা হয়ে গেল বেশ লম্বা সময়ের জন্য। কোয়ার্টার ফাইনাল জিততে পারলে সেমিফাইনালে হয়তো তাকে পাওয়া যাবে। কিন্তু কোয়ার্টার ফাইনাল পেরোনোই তো কঠিন হয়ে গেলো। আতালান্তা চ্যাম্পিয়নস লিগে নবাগত হলেও এলেবেলে নয়। সিরি ‘আ’ রানার্সআপ হওয়ার জন্য লড়ছে তারা। এ পর্যন্ত ৩৬ ম্যাচে করেছে ৯৬ গোল।
এমবাপ্পের জন্য দুঃখ প্রকাশ করেছেন আতালান্তার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি। সর্বশেষ স্ক্যান রিপোর্ট আসার আগে স্কাই ইতালিয়াকে বলেছিলেন, ‘তার জন্য খারাপ লাগছে। এমবাপ্পে দুর্দান্ত একজন খেলোয়াড়, আশা করি এটা গুরুতর কিছু হবে না। আমি অন্যের দুর্ভাগ্যের সুযোগ নিয়ে জিততে চাই না।’ ‘এ ধরনের খেলোয়াড়দের বিপক্ষে জিতলেই না আপনার জয়টা বড় হয়ে ওঠে’-আরও বলেছিলেন গাসপেরিনি।

