করোনায় চলচ্চিত্র পরিচালক টুলুর মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৫৭
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
জানা গেছে, টুলুর মৃত্যুতে শোক নেমে এসেছে চলচ্চিত্র পাড়ায়। শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলো। টুলু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।
‘দুনিয়া’, ‘ফুল আর কাঁটা’, ‘সতীপুত্র আবদুল্লাহ’, ‘আমার জান’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘সবাই তো সুখী হতে চায়’-সহ বেশ কিছু জনপ্রিয় ছবির পরিচালক ছিলেন আফতাব খান টুলু।
চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার
ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন এই চিত্রপরিচালক। অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান তার চলচ্চিত্র ‘সবাই তো সুখে হতে চায়’র সুবাদেই নায়ক হিসেবে বড় পর্দায় পা রাখেন। এতে তার বিপরীতে ছিলেন নবাগতা কারিশমা শেখ। আফতাব খান টুলু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দায়ী কে?’। এটি ১৯৮৭ সালে মুক্তি পায়। এরপরের দুই দশক নিয়মিত কাজ করেছেন এই চিত্রপরিচালক। আফতাব খান টুলু দীর্ঘদিন ধরেই ঢাকার মোহাম্মদপুরে শেখেরটেকের ১ নম্বর রোডে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। চলচ্চিত্র থেকেও অবসর নিয়ে নীরবেই দিন কাটাচ্ছিলেন তিনি।

