আবার হোঁচট খেলো সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাস
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৫৫
পয়েন্ট টেবিলের ১৬তম দল ক্যালিয়ারির বিপক্ষে ২-০ গোলের ব্যবধানের হারে ফের প্রশ্নবিদ্ধ ইতালিয়ান চ্যাম্পিয়নরা। শিরোপা নিশ্চিত করেই আবার হোঁচট খেলো সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাস।
শেষ ৭ ম্যাচে জুভেন্টাস জয় পেয়েছে মাত্র দুইবার। আর শেষ ৪ অ্যাওয়ে ম্যাচে জুভেন্টাসের অর্জন মাত্র এক পয়েন্ট। ক্যালিয়ারির কাছে জুভেন্টাস হেরেছে ১১ বছর পর। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড সামনে রেখে এইসব রেকর্ড বিয়াঙ্কোনেরিদের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়।
প্রতিপক্ষের মাঠে বুধবার প্রথমার্ধে দুই গোল খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে জোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত হেরেছে ২-০ গোলে।
এই নিয়ে লিগের শেষ সাত রাউন্ডে তৃতীয়বার হারের স্বাদ পেল জুভেন্টাস। মাঝে দুটি ড্র করা তুরিনের ক্লাবটি গত ম্যাচে সাম্পদোরিয়াকে হারিয়ে টানা নবমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়।

