সিঙ্গাপুর থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে দুর্ঘটনা, একই পরিবারের ৩ জন নিহত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১২:৩০
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে চালকসহ আরও দুই জন।
নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।
আহত হয়েছেন খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও প্রাইভেটকারের চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীম (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা বিমানবন্দরে এসে নামেন। পরে তার বাবা জিয়ারুল হক, ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা ও বন্ধু আলামিনের সঙ্গে একটি প্রাইভেটকার ভাড়া করে রাতে ঢাকা থেকে খুলনার বাড়িতে ফিরছিলেন। ভোর পৌনে ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলওয়ে ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিন জন নিহত হন এবং অপর দুই জন আহত হন।

