পুঁজিবাজারে সূচক ও লেনদেনে বড় উত্থান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৫:২৪
সপ্তাহের শেষ এবং ঈদ-উল-আজহার আগেও শেষ কার্যদিবস বৃহস্পতিবারে (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৪৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডিএসইতে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, দর কমেছে ৫৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১২৮টির। ডিএসইতে ৫৮০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮১ কোটি ৩৮ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে এদিন ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ৪৩টির। আর ৯৪টির দর অপরিবর্তিত রয়েছে।

