নিজের মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছলদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৬:৫০
নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতার টাকা নিজ নির্বাচনি এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৭ হাজার টাকা করে দেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) মুক্তিযোদ্ধাদের মাঝে নিজের প্রাপ্ত মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিতরণ করেছেন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে তার নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধার মাঝে এই অর্থ বিতরণ করেন এবং তাদের সঙ্গে ঈদ উপলক্ষে কুশল বিনিময় করেন আসাদুজ্জামান খান কামাল।
এসময় উপস্থিত মুক্তিযোদ্ধার উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন। প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার।’
স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তার প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রদান করেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

