আমাকে কেউই পছন্দ করে না: ট্রাম্প

আমাকে কেউই পছন্দ করে না: ট্রাম্প

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৫০

মার্কিন মুলুকে করোনা অতিমারি মোকাবিলার নীতি নির্ধারক তিনি। অথচ ভাইরাস বিশেষজ্ঞ তথা চিকিৎসক অ্যান্টনি ফাউচিকে কেন তার থেকে বেশি কৃতিত্ব দেওয়া হচ্ছে? তা নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্ষেপের সঙ্গে প্রকাশ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, ‘আমাকে কেউই পছন্দ করে না!’

কোভিড-১৯-এর হানায় এই কয়েক মাসে দেড় লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়। অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মাস্ক পরাকেও গুরুত্ব দিতে চাইছেন না তিনি। যার জেরে আপাতত চারটি প্রদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

চলতি বছরের নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে সমীক্ষা বলছে, করোনা সংক্রমণ মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতায় তার জনপ্রিয়তা এখন তলানিতে। উল্টো হু হু করে বাড়ছে তারই প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের জনপ্রিয়তা। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ফাউচির বাতলে দেওয়া নীতি অক্ষরে অক্ষরে পালন করছেন অধিকাংশ আমেরিকাবাসী। অনেকেই কৃতিত্ব দিচ্ছেন ফাউচিকে। আর তাতেই ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি এখনও দাবি করছেন, কোভিড-১৯ মোকাবিলায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন কাজে দিচ্ছে। অথচ কয়েক সপ্তাহ আগেই দেশের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) ওই ওষুধ ব্যবহারের নির্দেশ প্রত্যাহার করেছে। কারণ, অনেকগুলি গবেষণা একসঙ্গে জানিয়েছে, ওই ওষুধে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। তার বক্তব্য, ফাউচি ও তার দলের থেকে তার প্রশাসনের বেশি প্রশংসা প্রাপ্য। আর সেটা হচ্ছে না। কারণ, ট্রাম্পের মতে হয়তো তার ব্যক্তিত্বের জন্যই তাকে ‘কেউ পছন্দ করেন না’!

এই পরিস্থিতিতে ফের একটি বিতর্কিত ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প, যা নিয়ে ফের হইচই শুরু হয়েছে আমেরিকাসহ বিশ্বজুড়ে। ভিডিওটিতে দেখা গেছে, একদল চিকিৎসক সুপ্রিমকোর্টের সিঁড়িতে দাঁড়িয়ে নিজেদের প্রথম সারির কোভিড-যোদ্ধা বলে দাবি করছেন। তারা বলছেন, এই সংক্রমণ মোকাবিলায় মাস্কের প্রয়োজন নেই। দরকার নেই লকডাউনেরও। প্রথমে ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভিডিওটি শেয়ার করেন। পরে রিটুইট করেন প্রেসিডেন্টও। বিতর্কিত মন্তব্য থাকায় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি ভিডিওটিকে হয় ডিলিট করেছে, নয়তো সীমিত করেছে। পরে ওই ভিডিও ডিলিট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও। সূত্র: সিএনএন ও আনন্দবাজার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading