পল্লবী থানায় বিস্ফোরণ, ৩ আসামি ১৪ দিনের রিমান্ডে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৮:৩০
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা ২ মামলায় ৩ আসামিকে ১৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান মল্লিক তিন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক আসামিকে দুই মামলায় ৭দিন করে মোট ১৪ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
জানা গেছে, বুধবারের ওই ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় দুটি মামলা দায়ের করেন। এর পর আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এসআই ফারুকুজ্জামান মল্লিক বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। একটি অস্ত্র আইনে, আরেকটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। থানায় বিস্ফোরণের আগে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছিলাম। তিনজনকে ওই দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার ভোরের পর পল্লবী থানা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে চার পুলিশসহ পাঁচজন আহত হয়। তবে এই ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ। যদিও এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস)। তবে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বলছে, এ ঘটনায় আইএস মিথ্যা দায় স্বীকার করেছে। গণমাধ্যমের প্রচার পেতেই আইএস এ কাজটি করছে বলে ধারণা।

