ঢাকার কোথায় কখন ঈদ জামাত

ঢাকার কোথায় কখন ঈদ জামাত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ১২:৫০

করোনাভাইরাসের বিস্তার রোধে রোজার মতো কোরবানির ঈদের নামাজের জামাত সারাদেশে মসজিদে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি, করা যাবে না কোলাকুলি ও যাবে না হাত মেলানো।

ঈদের নামাজের জামাতে অংশ নিতে হলে মুসল্লিদেরকে অবশ্যই বাসা থেকে ওজু করে মসজিদে যেতে হবে মাস্ক পরে। কাতারে দাঁড়াতে হবে দূরত্ব রেখে। নামাজ শেষে কোলাকুলি ও হাত মেলানো যাবে না। করোনাভাইরাস অতি সংক্রামক বলেই এ ব্যবস্থা।

আগামীকাল শনিবার (১ আগস্ট) সকালে ঈদুল আজহার প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়। অন্যবছর ঈদে বায়তুল মোকাররমে পাঁচটি জামাত হলেও এবার হবে ৬টি। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে- সকাল ৭টা ৫০ মিনিটে, ৮টা ৪৫ মিনিটে, ৯টা ৩৫ মিনিটে, ১০টা ৩০ মিনিটে এবং ১১টা ১০ মিনিটে।

এদিকে, ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে মহামারীর কারণে ঈদুল ফিতরের মতো এবারও ঈদের জামাত হচ্ছে না। প্রতিবছর কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয়। মহামারীর কারণে জামাত হচ্ছে না শোলাকিয়ায়ও।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, করোনার সংক্রমণ এড়াতে ঈদের জামাতের সময়ে মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে। অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে বলা হচ্ছে সবাইকে। মসজিদে অজুর স্থানেও সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে। মসজিদ কমিটির এই ব্যবস্থাপনা করবেন এবং স্থানীয় প্রশাসন তা তদারকি নিশ্চিত করবে।

ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় ঈদের জামাত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বাইরে ঢাকার মসজিদগুলোতে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা থাকছে। রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সকাল ৮টা এবং সকাল ১০টায় ঈদের তিনটি জামাত হবে। মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত হবে- সকাল ৭টায়, সকাল ৮টায় এবং ৮টা ৪৫ মিনিটে।

সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা মসজিদ এবং ধানমণ্ডি ঈদগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে। পুরান ঢাকা তারা মসজিদ, বংশাল বড় মসজিদ, নিমতলী ছাতা জামে মসজিদ, নাজিরা বাজার আহলে হাদিস মসজিদে শনিবার সকাল সাড়ে ৭টায় এবং সকাল সাড়ে ৮টায় দুটি করে ঈদের জামাত হবে।

চকবাজার জামে মসজিদ, যাত্রাবাড়ী মারকাজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং লাল শাহী মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ হবে। ধানমণ্ডি তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায়, ধানমণ্ডির বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুটি করে জামাত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading