ঢাকা-আরিচা মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তি

ঢাকা-আরিচা মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৪০

করোনা মহামারির মধ্যেও ঈদে ঘরমুখো মানুষ আর যানবাহনের উপচে পড়া ভিড় এখন পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কে। পাটুরিয়া ফেরি ঘাট থেকে মহাসড়কের ২০ কিলোমিটার ব্যাপী যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো হাজারো মানুষ। করোনায় অতি প্রয়োজন ছাড়া গ্রামে না যেতে সরকারের অনুরোধ রক্ষার বালাই নেই এসব মানুষের। ফলে সড়কে বের হয়ে তারা পড়েছেন মহা ভোগান্তিতে। এতে বাড়ছে করোনা সংক্রমণ ঝুকিও।

তবে সড়কে ভোগান্তির জন্য পটুরিয়া, আরিচা ফেরি কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার’ কারণও কম দায়ী নয়। জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্যরাত থেকে শুক্রবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়া যানবাহনের অস্বাভাবিক চাপের কারণে বৃহস্পতিবার মধ্য রাত থেকে পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফেরি ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট তথা ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। সন্ধ্যার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ঘরমুখো মানুষ ও যাত্রীবাহী বাসের চাপ বেড়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়তে থাকে। ট্রাফিক পুলিশ এবং ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে রাত ২টার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠতে যানবাহনের বিশৃঙ্খলা দেখা দেয়। ফেরিতে আগে ওঠার প্রতিযোগিতায় যাওয়ায় ঘাট এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে ফেরিঘাট এলাকায় রাস্তা পন্টুন পুরো ডেড লক হয়ে পরে। এ কারণে বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে ফেরিতে যানবাহন লোড ও আনলোড বন্ধ হয়ে যায়। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়।

বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, যাত্রী ও যানবাহন পারাপার নিশ্চিত করতে প্রতি বছরই ঈদের আগে যথাযথ ঘাট ব্যবস্থাপনা দেখা যায়। তবে এবার তেমনটা না থাকায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১২-১৪ ঘণ্টা ঘাট এলাকায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ঘাট এলাকায় ফেরি থেকে যানবাহন আনলোড ও লোড বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ বেশি পড়েছে। টানা তিন ঘণ্টা ফেরিতে যানবাহন পারাপার বন্ধ থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জের তরা সেতু পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজটে শত শত যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি আটকা পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাাঁড়ি পরিদর্শক বাসুদেব সিনহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে ঈদের ঘরমুখো যানবাহনের প্রচণ্ড চাপ বেড়ে যায়। ঢাকার দিকে রওনা দেওয়ার সময় ইচ্ছেমতো চলাচলের কারণে পথ আটকে যায়। এছাড়া কোরবানির পশুবাহী গাড়ির কারণেও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, ফেরি চলাচলে বিঘ্ন ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পাটুরিয়া থেকে তরা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছিল। তবে এর পর থেকে যানজট কমে আসতে শুরু করেছে। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading