২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারিত হবে: মেয়র তাপস
উত্তরদক্ষিণ । শনিবার, ০১ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৫০
ঈদুল আজহার কোরবানি পশুর বর্জ্য অপসারণে বিশেষ কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ইনশাল্লাহ ২৪ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারিত হবে।’
শনিবার (০১ অগাস্ট) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশ নেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, ‘আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে ঈদুল আজহা উদযাপন করব, কোরবানি দেব। কোরবানির পর পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, আমরা সে বর্জ্য দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি।’
পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী কেউ ছুটিতে নেই জানিয়ে ডিএসসিসি মেয়র আশাবাদ ব্যক্ত করেন যে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারিত হবে।
তিনি আরও বলেন, এবার অত্যন্ত সুশৃঙ্খলভাবে পশুর হাট পরিচালিত হয়েছে। হাট পরিচালনার পর রাত ১২টার পর থেকেই কোরবানির পশুর হাট-কেন্দ্রিক বর্জ্য অপসারণ কাজ শুরু হয়েছে। সূত্র- ইউএনবি।

