মহম্মদপুরে কোরবানির মাংস ভাগ করা নিয়ে মারামারি
উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১৩:১৪
কোরবানির মাংস ভাগ করা নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা উত্তর পাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষভাবে মারামারিতে লিপ্ত হওয়ায় পাঁচজনকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মৌশা উত্তর পাড়া এলাকার সব্দার ফকিরের ছেলে সোহেল ফকির ও কাজী ইদ্রিস আলীর ছেলে কাজী সোহেলের মধ্যে কোরবানির মাংস ভাগ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে দুই পক্ষ মারামারি ও ভাংচুরে জড়িয়ে পড়ে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সূত্র – ইউএনবি।

