কোরবানির গরুর লাথিতে সখীপুরে এক ব্যক্তির মৃত্যু
উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:২২
কোরবানি করার সময় গরুর লাথিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (০১ আগস্ট) টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ভুগলিচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরে নাম আজাহার আলী (৬২)। তিনি উপজেলার ভুগলিচালা গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
ভুগলিচালা গ্রামের বাসিন্দা গোলাম সারওয়ার বলেন, গরু কোরবানি করছিলেন আজাহার আলী। এ সময় হঠাৎ গরুটি তাকে লাথি মারে। এতে আজাহার আলী অচেতন হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, গরুর লাথি আজহার আলীর হাতের কবজিতে লেগেছিল। আঘাত পেয়েই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকের আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়৷

