কিশোর নির্যাতনের ভিডিও, গ্রেফতার ৪

কিশোর নির্যাতনের ভিডিও, গ্রেফতার ৪

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৪০

গল্পটি মোঃ সিয়াম, শুভ, আরমান, নাহিদ, সাজেদুল ইসলাম নাসিম ও আশিকুর রহমান পাপ্পুর। এরা সকলে শেরপুর পৌরসভার একই এলাকার বাসিন্দা এবং একে অপরের পূর্ব পরিচিত। আশিকুর রহমান পাপ্পু ওই ঘটনার ভিকটিম আর অন্যান্যরা ঘটনার আসামি।

শুভর বান্ধবী দিবা। দিবাকে আগে থেকেই পছন্দ করতো পাপ্পু। এক পর্যায়ে দিবাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে পাপ্পু। তাতেই বাধে বিপত্তি।

দিবাকে প্রেমের প্রস্তাব দেয়ার কথা জানতে পারে শুভ। রাগে ক্ষোভে ফেটে পরে সে। ঠিক করে পাপ্পুকে এর জন্য চরম শিক্ষা দিতে হবে। সহযোগী অন্যান্য বন্ধুদের সাথে পরিকল্পনাও করে ফেলে সে। ঘটনার দিন ভিকটিম পাপ্পু আসামি শুভর দাদীর জানাজা শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলো। ঐ সময় শুভ দরকারি কথা আছে বলে পাপ্পুকে কাছাকাছি একটি পুরাতন ভবনের ২য় তলায় নিয়ে যায়। সেখানে পৌঁছার সাথে সাথে আগে থেকেই ওঁত পেতে থাকা বাকি অভিযুক্তরা পাপ্পুকে ঘিরে ফেলে। পাপ্পু কাকুতি মিনতি করে মাফ চায় তাদের কাছে। কিন্তু অভিযুক্তরা সেদিকে কর্ণপাত না করে ভিকটিমকে কিল ঘুষি চড় থাপ্পর লাথি মারতে থাকে।

সবকিছু মোবাইল ফোনে ভিডিও করে নাসিম। এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ভিকটিমকে উদ্ধার করে। লোকজনকে আসতে দেখে আসামিরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে এখানেই ক্ষান্ত দেয়নি অভিযুক্তরা। তারা তাদের মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি পুলিশের নজরে আসলে কালক্ষেপণ না করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শেরপুর জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মোঃ সিয়াম (১৭), শুভ (১৭), আরমান (১৬), নাসিম (১৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরসহ পলাতক আসামিকে অভিযুক্ত করে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading