মাইগ্রেন-এর সমাধান ‘কান ফোঁড়ানো!’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৪৫
কানের লতিতেই শুধু দুল ঝুলবে, এমনটা কে বলেছে! কানের আগা, গোড়া, ভেতরের নরম হাড়ে ফুটো করে নানা রকম গয়নায় সাজাতে ভালবাসে অনেকেই। কানের বাহারি স্টাইলই ডিজিটাল সময়ের ট্রেন্ড। তবে কান বিঁধিয়ে দুল পরার রেওয়াজ শুধু নারীদের একচেটিয়া নয়, বহু যুগ থেকে বিভিন্ন দেশের পুরুষরাও কান বিঁধিয়ে বাহারি দুল পরছেন। এখনকার ছেলেরা অনেকেই কানে ‘পিয়ারসিং’ করাচ্ছেন।
বিশেষজ্ঞরা দাবি করছেন, এই কান ফোটানো শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, এর কিছু উপকারিতাও আছে। কানের একটা নির্দিষ্ট জায়গায় পিয়ারসিং করালে মাইগ্রেনের ব্যথা কমতে পারে।
ঠিক কোথায় করতে হবে সেই পিয়ারসিং? গবেষকদের দাবি, কানের তো তিনটে অংশ বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ, পিয়ারসিং করাতে হবে বহিঃকর্ণে। এখন কানের বাইরে দিকটাতে অনেকগুলো ভাঁজ আছে। একেবারে মাথার দিকে নরম অস্থি বা তরুণাস্থি দিয়ে তৈরি যে অংশ তাকে বলে হেলিক্স। এই হেলিক্সের দুটো ভাগ, অ্যান্টিহেলিক্স অর্থাৎ পিনা বা কর্ণছত্রের ঠিক ভেতরের ভাঁজ এবং আরও একটা অংশ আছে যেটা ইয়ার চ্যানেলের ঠিক উপরে। কানের যে অংশটা সোজা ভেতরে চলে যাচ্ছে তার ঠিক মাথার উপরে। তরুণাস্থি দিয়ে তৈরি হেলিক্স যাকে বলা হয় ক্রাক্স অব হেলিক্স। এই অংশ মস্তিষ্কে গিয়ে মিশেছে। গবেষকরা বলছেন, ঠিক এখানেই যদি ফুটো করা যায় তাহলে মাথাব্যথা কমে যাওয়ার একটা বন্দোবস্ত হতে পারে। একে বলে ডাথ পিয়ারসিং। যদিও গবেষকদের এই দাবির যথাযোগ্য প্রমাণ নেই, তবে কিছু ক্ষেত্রে মাইগ্রেনের রোগীদের উপরে এর প্রয়োগ করে উপকার মিলেছে বলেই দাবি।

সেটা কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, কানের যে তরুণাস্থি অর্থাৎ ক্রাক্স অব হেলিক্স ইয়ার চ্যানেলের উপর দিয়ে গেছে তার সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ আছে। ওই অংশে ফুটো করলে বা চাপ দিলে যে প্রেসার পয়েন্ট তৈরি হয় তাতেই মাথাব্যথা কমার লক্ষণ দেখা যায়। ডাথ পিয়ারসিং মাইগ্রেনের ব্যথা কমায় এমন ধারণা তৈরি হয় বহ বছর আগেই। ২০১০ সালে ঠিক এই কারণেই ডাথ পিয়ারসিং খুব জনপ্রিয় হয়েছিল। চিকিৎসকরা বলেছিলেন, মাইগ্রেনের রোগীদের ডাথ পিয়ারসিং করিয়ে উপকার পাওয়া গেছে। শুধু রোগ সারানোই নয়, রোগের উপসর্গ কমাতেও নাকি কাজে এসেছে ডাথ পিয়ারসিং। পরীক্ষা করে দেখা গেছে, মাইগ্রেনের ব্যথা শুরুর আগে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলোও নাকি পিয়ারসিং-এর কারণে বেমালুম উধাও হয়েছে। ২০১৭ সালে একটি কেস স্টাডিতে কয়েকজন মাইগ্রেনের রোগীর উপরে এই পিয়ারসিং-এর পরীক্ষা চালিয়ে এমন তথ্য দিয়েছিলেন গবেষকরা।
তবে সামান্য ভুলে হতে পারে বড় বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, ডাথ পিয়ারসিং করাতে হলে অভিজ্ঞ লোকের কাছে করানোই উচিত। হেলিক্সের ঠিক কোন পয়েন্টে ফুটো করতে হবে সেটা জানা না থাকলে বিপদ হতে পারে। এমনিতেও এই ধরনের পিয়ারসিং যথেষ্ট বেদনাদায়ক। সঠিক জায়গায় না হলে রক্ত বের হতে পারে, বা রক্ত জমে সংক্রমণ ছড়াতে পারে। ভুল জায়গায় পিয়ারসিং করানোর ফলে কানে ঘা, পুঁজ হতেও দেখা গেছে অনেকের। হেলিক্সে একবার ঘা হলে বা সংক্রমণ ছড়ালে সেটা মাইগ্রেনের থেকেও মারাত্মক হতে পারে। তাই বিশেষ সতর্কতার দরকার। খবর দ্য ওয়াল-এর।

