সাতক্ষীরার এই রেস্তোরাঁয় খেতে হবে মাছের জলে পা ডুবিয়ে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১১:২৩
সাতক্ষীরা শহরতলির বকচরা বাইপাস সড়কের একটি রেস্তোরাঁ। রেস্তোরাঁর ভেতরের পুরোটা জুড়ে গোড়ালি সমান পানি। এর মধ্যেই চেয়ার-টেবিল পাতা। পানিতে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মাছও। এর মধ্যেই পা ডুবিয়ে খাবার খেতে হবে আপনাকে। খেতে খেতে কখনও হয়তো অনুভব করবেন পায়ের পাতায় মাছে চিমটি কাটছে! কী, অদ্ভুত না?

না বন্যার পানি নয়। রেস্তোরাঁটিই এমন। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর অথবা উন্নত বিশ্বে এমন রেস্তোরাঁ দেখা যায়। সাতক্ষীরার মৌবন রেস্টুরেন্ট তেমনই। এখানে খেতে এসে চমকে যাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিনই তাদের ভিড় বাড়ছে। ছোটবড় সবার মন কেড়েছে এই রেস্তোরাঁ। অভিভাবকদের সঙ্গে এসে শিশুরা বেশ উপভোগ করছে মাছ দেখা।
ইউটিউবে ভিডিও দেখে এমন আইডিয়া পেয়েছেন মৌবন রেস্টুরেন্টের মালিক দেলোয়ার হোসেন। এখন তো ক্রেতাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। এখানে রেস্তোরাঁটিতে চাইনিজসহ বিভিন্ন খাবারের পাশাপাশি পানিতে মাছের সঙ্গে আনন্দ উপভোগ করছেন সবাই।

মৌবন রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন। ফলে ঈদুল আজহার দুই দিন আগে চালু হওয়ার পর অল্প সময়ে রেস্তোরাঁটির নাম ডাক ছড়িয়ে পড়েছে।

