রেলের অতিরিক্ত সচিব মাহবুব করিম ওএসডি, প্রতিক্রিয়া
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ২০:১০
রেলপথ মন্ত্রণালয়ের ‘সৎ অফিসার’ হিসেবে আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ফেইসবুকে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ওএসডি হওয়া এই কর্মকর্তা সরকারি প্রজ্ঞাপনের কপি তার ব্যক্তিগত ফেরিফায়েড ফেইসবুক পেইজে শেয়ার করে লিখেছেন ‘ওএসডি হলাম।’
মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
একই আদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মানিক লাল বণিককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শোয়েবুল আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সুলেমান খানকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের (প্রকল্প পরিচালক রস্ক প্রকল্প হিসেবে বদলির আবেশাধীন) অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইলকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
আদেশে, গত ২৭ জুলাই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইলকে রিচিং আউট অ্যান্ড স্কুল (রস্ক) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলি আদেশ বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেধাবী, সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম রয়েছে অতিরিক্ত সচিব মাহবুব করিম মিলনের। বিশেষ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে দায়িত্ব পালনের সময় তিনি ব্যাপক প্রশংসিত হন। চলতি বছরের ২৫ মার্চ এক প্রজ্ঞাপনে তাকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়। এই মন্ত্রণালয়ে যোগদানের পর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলেছেন আলোচিত এই অতিরিক্ত সচিব। বিশেষ করে রেলের টিকিট, নিয়োগ, বদলি এসব নিয়ে বেশ সোচ্চার ছিলেন তিনি। এছাড়া টিকেট কালোবাজারি বন্ধে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন বলেও জানা গেছে। এর পর তাকে হঠাৎ ওএসডি করায় তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।
বোরহান উদ্দিন নামে একজন তার ফেইসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করে ওএসডির সিদ্ধান্ত প্রত্যাহার করে এই কর্মকর্তাকে পুরস্কৃত করার ব্যবস্থা করুন। লাখ লাখ মানুষ খুশি হবে। দেশের কল্যাণ বয়ে আনবে…..।’ সাকিল তারিন নামে একজন প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘সৎ অফিসার হিসেবে এই প্রতিদান, বাহ’।
মোহসীন কবির নামে আরেকজন ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সাহসী পদক্ষেপের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও যিনি এ নিয়ে ছিলেন বেশ সরব। অথচ তিনি এখন ওএসডি’র মাধ্যমে নিরব। শুভকামনা আপনার জন্য।’ এভাবে আরও অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে ওএসডি করায়।

প্রসঙ্গত, সরকারের এই কর্মকর্তা ২০১৭ সালের আগস্ট থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। সবশেষ গত বছরের ৩১ ডিসেম্বর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সেখানে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে সরিয়ে দেয়া হয়।
মাহবুব কবির নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে দায়িত্ব পালনকালে বেশ কিছু বহুজাতিক কোম্পানির ভেজাল ও ক্ষতিকর কোম্পানির পণ্য আটকে দেন। তার প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রায় ৪৫ কোটি টাকার এমবিএম আটকে রয়েছে। সম্প্রতি তিনি কৃষিপণ্যের জন্য আমদানিকারক ৪১টি প্রতিষ্ঠানের ক্ষতিকর পণ্য শনাক্ত করেন। গত সপ্তাহে একটি অনলাইনে অনুষ্ঠানে মাহবুব করিম সরকারপ্রধানের কাছে ১০জন সৎ অফিসার দিয়ে একটি টিম গঠনের আহ্বান জানান। যারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য অনুসন্ধান করবে। এর পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করার আদেশ আসলো।

