ঝগড়া থামাতে গিয়ে বগুড়ায় যুবক খুন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩১
দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে বগুড়ার গাবতলীতে অমিত রায় (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অমিত রায় একই গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।
জানা যায়, একই গ্রামের রিফাত নামের এক যুবকের সাথে নিহত অমিতের অষ্টম শ্রেণি পড়ুয়া ভাতিজির প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে রিফাত এবং ওই স্কুলছাত্রীর পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া থামাতে গেলে রিফাতের বাবা এনামুল কনুই দিয়ে অমিতের বুকে আঘাত করেন। এতে অমিত মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, ‘তুচ্ছ বিষয় নিয়ে খুনের ঘটনা ঘটেছে। এনামুলকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।’

