সিনহা হত্যায় কেউ কেউ ‘সরকার হটানোর দিবা স্বপ্ন’ দেখছে

সিনহা হত্যায় কেউ কেউ ‘সরকার হটানোর দিবা স্বপ্ন’ দেখছে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫০

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ ‘সরকার হটানোর দিবা স্বপ্ন’ দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৭ আগস্ট) ঢাকায় নিজের সরকারি বাসা থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘একটি অশুভ চক্র নানান ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনা সদস্য মেজর রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মত দিবা স্বপ্ন দেখছে কেউ কেউ। জনগণ এসব বিষয়ে সচেতন রয়েছে।’

দুই বছর আগে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া সিনহা মো. রাশেদ খান একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন। গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানিয়ে সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সিনহা তার পরিচয় দিয়ে ‘তল্লাশিতে বাধা দেন’। পরে ‘পিস্তল বের করলে’ চেক পোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। এই ঘটনায় পুলিশ মামলাও করে। তবে পুলিশের এই ভাষ্য নিয়ে প্রশ্ন দেখা দিলে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের প্রতিনিধি নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। টেকনাফ থানার ওসিসহ ২১ পুলিশ সদস্যকে সরিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে।

সিনহাকে হত্যা করা হয়েছে দাবি করে তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস মামলা করলে আদালতের নির্দেশে তা নথিভুক্ত করে টেকনাফ থানা। ওই মামলায় আত্মসমর্পণের পর ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলিসহ তিন পুলিশ সদস্যকে বৃহস্পতিবার র‌্যাবের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ঘটনা নিয়ে গুজব ও অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার কারও হাতে ইস্যু তুলে দেবে না। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading