করোনায় ‘শিথিল’ আচরণ পরিস্থিতিকে ঝুকিপূর্ণ করতে পারে: সেতুমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:২২
করোনাভাইরাসের মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি পালনে অনেকের ‘শিথিল’ আচরণ চলমান পরিস্থিতিকে ঝুকিপূর্ণ করে তুলতে পারে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। বাংলাদেশ এখন ইতালিকে ছাড়িয়ে সংক্রমণে ১৫তম অবস্থানে। দেশে কয়েক সপ্তাহ একটি নির্দিষ্ট ট্রেন্ড থাকলেও এ সপ্তাহে নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথে সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে। অপরদিকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা যাচ্ছে। আবার অনেকের লক্ষণ দেখা গেলেও নমুনা পরীক্ষা করাচ্ছেন না। পরীক্ষার প্রতি অবহেলা, স্বাস্থ্যবিধির ক্ষেত্রে শৈথিল্য আমাদের চলমান পরিস্থিতিকে যেকোনো সময়ে ঝুকিপূর্ণ করে তুলতে পারে।’
শুক্রবার (৭ আগস্ট) ঢাকায় নিজের সরকারি বাসা থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মানুষকে মাস্ক পরার বিষয়ে সচেতন করতে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় টার্মিনাল এবং পরিবহনে কেউ কেউ মানলেও অনেকেই স্বাস্থ্যবিধির ‘তোয়াক্কা করেননি’। তবে এবারের ঈদ যাত্রা ‘স্বস্তির হয়েছে’ দাবি করে তিনি বলেন, ‘ফেরিঘাটের সমস্যা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্যান্য সকল মাহাসড়কে ভ্রমণ স্বস্তিদায়ক ছিল।’

