করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৩০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গণি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (৭ আগস্ট) উপজেলার সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদের আগে থেকে উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি জ্বরে ভুগছিলেন। তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত মঙ্গলবার (৪ আগস্ট) তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে। বুধবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি মারা যান।’
শুক্রবার বাদ আছর মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব প্রদানের সময় দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফলীন, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা আব্দুল গণি পর পর দুবার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।
কর্মময় জীবনে মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অত্যন্ত সৎ, নির্ভিক ও অন্যায়ের প্রতিবাদকারী ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি বলে তার সতীর্থরা জানিয়েছেন।
আলহাজ্ব আব্দুল গনির মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠন ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

