দেশে দক্ষ ও প্রশিক্ষিত কৃষি গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: কৃষিমন্ত্রী

দেশে দক্ষ ও প্রশিক্ষিত কৃষি গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৩০

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত কৃষি গ্র্যাজুয়েট তৈরি করতে হবে।

তিনি বলেন, ‘কৃষিতে চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম যুগোপযোগী, আধুনিক ও প্রায়োগিক করতে হবে।’

শনিবার (০৮ আগস্ট) মন্ত্রীর সরকারি বাসভবন থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘দক্ষ কৃষি গ্রাজুয়েট তৈরিতে আধুনিক কারিকুলামের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিকে অধিকতর লাভজনক করতে হলে কৃষি পণ্যের বিপণন ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশে বিদেশে কৃষি পণ্যের টেকসই বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রক্রিয়াজাত করে মূল্য সংযোজন করতে হবে। সেজন্য, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস ও কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ এবং কৃষিবিদরা বাংলাদেশের সামগ্রিক কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। কৃষিতে আজ দেশ স্বয়ংসম্পূর্ণ। সরকারের এখন মূল লক্ষ্য হলো সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য যোগানো। কারণ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পুষ্টি চাহিদা মিটিয়ে বর্তমান প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা খুব প্রয়োজন।’ সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading