চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করুন: নবনিযুক্ত প্রশাসককে মন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৫০
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম শনিবার (০৮ আগস্ট) বন্দর নগরী চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছেন।
মোহাম্মদ খোরশেদ আলম সুজন চসিক প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর শনিবার রাজধানীর মিন্টু রোডে স্থানীয় সরকার মন্ত্রীর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
এ সময় মন্ত্রী বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসক চট্টগ্রাম নগরীর উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
এসময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম চসিক প্রশাসককে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, পরামর্শ ও সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কোনো অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দিবেন না বলে জানান নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। সূত্র – ইউএনবি।

