ইন্ডিয়ায় আবারো করোনা কেয়ার সেন্টারে আগুন
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৫৮
ইন্ডিয়ায় আবারো একটি করোনা কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এছাড়া ভিতরে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।
রবিবার (৯ আগস্ট) সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ দুর্ঘটনা ঘটে।
ইন্ডিয়ান সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি হোটেলে আগুন লাগে। হোটেলটিকে কোভিড কেয়ার সেন্টার হিসেবে ব্যবহার করছিল একটি হাসপাতাল। সেখান থেকে এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।

ভিতরে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদেরকে উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী। উদ্ধার করা রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।
এর মাত্র আগে গত বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে গুজরাটের আহমেদাবাদের নভরঙ্গপুরার শ্রে হাসপাতালে। বেসরকারি এই হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। ওই ঘটনায় হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা আট করোনা রোগীর মৃত্যু হয়।

