করোনা সংক্রমণ: পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:১০
বিশ্বে করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ ১৫তম স্থানে দুদিন আগেই উঠে এসেছে বাংলাদেশ। ওই তালিকায় বাংলাদেশের চেয়ে একধাপ উপরে আছে পাকিস্তান। আক্রান্তের সংখ্যায় এই ব্যবধান ২৬ হাজারের কিছু বেশি। পাকিস্তান আগে থেকেই শীর্ষ তালিকার উপরদিকে ছিল। কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে উপরে উঠে আসছে।
রবিবার (৯ আগস্ট) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, পাকিস্তানে এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ১২১ জনে পৌঁছেছে। সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। অপরদিকে, পাকিস্তানে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২ জন। বাংলাদেশে এই সংখ্যা ৩ হাজার ৩৯৯ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় যেখানে আড়াই হাজারের মতো নতুন রোগী শনাক্ত হয়েছে, সেখানে পাকিস্তানে নতুন আক্রান্তের সংখ্যা মাত্র ৬৩৪ জন। আর বাংলাদেশে গত একদিনে ৩৪ জন মৃত্যু হলেও পাকিস্তানে এসময় মৃত্যু হয়েছে মাত্র ১৪ জনের। ফলে আক্রান্ত ও মৃত্যু- দুই পরিসংখ্যানেই বাংলাদেশে বৃদ্ধির হার বেশি। এই ধারা আগস্ট মাসজুড়ে অব্যাহত থাকলে পাকিস্তানকেও সংক্রমণে পেছনে ফেলতে পারে বাংলাদেশ।
এরই মধ্যে করোনার মাতৃভূমি খ্যাত চীন এবং শুরুর দিকে বেশি বিধ্বস্ত হিসেবে বিশ্বে আলোচিত ইতালিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এখন পাকিস্তানের কাছাকাছি অবস্থান। অবশ্য জুলাইয়ের শেষ দিকে এসে নমুনা পরীক্ষার হার কমে গেছে দেশে। ফলে আক্রান্তের সংখ্যা কম দেখা যাচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একদিন আগে বলেছেন, করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধি পেলে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অথচ অনেকেই মাস্ক পরছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না। এমন আচরণের কারণে করোনার ঝুকি বৃদ্ধি পেতে পারে।

