সিনহা হত্যা তদন্তে ’নিরপেক্ষ কমিশন’ চান ডা. জাফরুল্লাহ

সিনহা হত্যা তদন্তে ’নিরপেক্ষ কমিশন’ চান ডা. জাফরুল্লাহ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:২০

কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় ভারত ও ইসরাইলের গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে এ ঘটনা তদন্তে ‘নিরপেক্ষ কমিশন’ গঠনের দাবি জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, ’মেজর সিনহা (অবসরপ্রাপ্ত) হত্যাকাণ্ড- এটা কী ওসি প্রদীপের ঘটনা, না এর সাথে ভারতীয় ’র’ এবং ইজরাইলের ’মোসাদ’ যুক্ত আছে? এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আমার মতে এই পুলিশি ইনকোয়ারি দিয়ে হবে না। একটা নিরপেক্ষ কমিশন করে সেটা করতে হবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার প্রতিবাদে রবিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীতে এক সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় সিনহার বোন ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন, যাদের মধ্যে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলিসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরদিকে, সরকারের পক্ষ থেকে আগেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে মামলা তদন্ত করছে র‌্যাব।

দেশব্যাপী আলোচিত এই ইস্যুতে ডা. জাফরুল্লাহ বলেন, ’বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ শতাংশ পুলিশ অফিসার আছেন- তারা প্রদীপের (প্রদীপ কুমার দাশ) মতোই। বাকিরা সজ্জন। এই ঘটনার তদন্ত কমিশন না হলে এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক হবে।’

সীমান্তে ভারতের আগ্রাসী কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনা করে বিএনপিপন্থি এই পেশাজীবী নেতা বলেন, ’প্রতিদিন সীমান্তে লোক মারছে। আমাদের আওয়াজ নেই। অথচ নেপাল তাদের সংসদে আইন করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের কোনো কোনো মন্ত্রী বলছেন, আমাদের সাথে ভারতের রক্তের সম্পর্ক। এই রক্ত তো দূষিত রক্ত। দূষিত রক্ত দিয়ে কী হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ‘বাংলাদেশের ক্ষেত্রে ভারতের নীতি প্রয়োগের’ প্রতিবাদে এই সমাবেশ হয়। সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- ডাকসু ভিপি নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতির জুনায়েদ সাকি, বাসদের বজলুর রশীদ ফিরোজ, ভাসানী অনুসারী পরিষদের নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading