বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ছুঁইছুঁই, ব্রাজিলে মৃত্যু লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ২১:৫৫
বিশ্বে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ছুঁইছুঁই করছে। একই সঙ্গে আমেরিকার পর করোনায় সবচেয়ে বিপর্যস্ত ব্রাজিলে করোনায় মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আর বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৭ লাখ ৩১ হাজারের বেশি।
রবিবার (৯ আগস্ট) গ্রিনিচ মান সময় ১৫:৩৬টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। যে হারে গত কয়েক সপ্তাহ আক্রান্ত হার বাড়ছে তাতে ২ কোটির ঘর পাওয়া হওয়া এখন শুধু কয়েক ঘণ্টার ব্যাপার মাত্র। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, গত ২ সপ্তাহে প্রতিদিন প্রায় ৫ লাখ করে নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হচ্ছেন সারাবিশ্বে। সেই হিসাবে সোমবারের (১০ আগস্ট) মধ্যে আক্রান্ত সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যে দেখা গেছে, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হওয়া দেশ আমেরিকায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৫১ লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজারের বেশি। শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৩ লাখের অধিক, মৃত্যু ১ লাখ ৫৪৩ জন। এর পরের অবস্থানে থাকা ইন্ডিয়ায় আক্রান্ত ২২ লাখ প্রায়, মৃত্যু হয়েছে ৪৪ হাজারের বেশি।
সারাবিশ্বে মোট মৃত্যু হয়েছে ৭ লাখ ৩১ হাজার ৯৯ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২৭ লাখের বেশি। আক্রান্তদের তুলনায় সুস্থ ৯৫ শতাংশ এবং মৃত্যু ৫ শতাংশ।

