বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্ক ‘রক্তের রাখিবন্ধনে আবদ্ধ’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৩৮
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক ৭১ এর রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। দুই দেশ বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দুই দেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের সেতু বন্ধন তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনও সময়ের চেয়ে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় রয়েছে।’ তিনি মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী পালন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সমকালীন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। এখানে মসজিদ, মন্দির, পুজামণ্ডপ পাশাপাশি। আবহমানকাল থেকে এদেশে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। এই অসাম্প্রদায়িক চেতনা দিয়েই আমরা গড়তে চাই এদেশের সমৃদ্ধির সোপান।’
এসময় উন্নয়ন, মানবিকতা আর সম্প্রীতির শত্রু সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষকে উপড়ে ফেলতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হচ্ছে সামাজিক সখ্য এবং ঐক্য। একতা ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।’
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। হীনমন্যতায় ভুগবেন না। এদেশে সবার সমান অধিকার।’

